দেশে ডেঙ্গুর পরিস্থিতি আবারও জটিল হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি—এ তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকায় ৯৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১০২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩১ জন নতুন রোগী।
এ সময়ে সারাদেশে ৪৩৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৬৫২ জনে।
এ বছরের জানুয়ারি থেকে মোট ৯৩ হাজার ১৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৭৭ জন।
ডেঙ্গুর পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।








