ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের নতুন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তারা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে, তবে খামেনি সেই দাবিকেও অস্বীকার করেছেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের পরোক্ষ পারমাণবিক আলোচনার শেষ পর্যায় হয়েছিল গত জুনে ১২ দিনের সংঘাতের মধ্য দিয়ে, যখন ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।
খামেনি বলেন, “ট্রাম্প বলেন তিনি একজন চুক্তিপ্রণেতা। কিন্তু কোনো চুক্তিতে যদি জবরদস্তি থাকে এবং ফলাফল পূর্বনির্ধারিত থাকে, তবে এটি চুক্তি নয়, বরং চাপানো ও হুমকি।”
গত সপ্তাহে ট্রাম্প ইসরাইলি পার্লামেন্টে বলেন, গাজার যুদ্ধবিরতি পর ওয়াশিংটন যদি তেহরানের সাথে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে পারে, তবে তা ‘দুর্দান্ত’ হবে। এ প্রস্তাবের জবাবে খামেনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট গর্বের সাথে বলছেন তারা ইরানের পারমাণবিক শিল্প বোমা হামলা চালিয়ে ধ্বংস করেছে। খুব ভালো, স্বপ্ন দেখতে থাকো!”
খামেনি আরও উল্লেখ করেন, “আমাদের পারমাণবিক স্থাপনা আছে কি নেই, তার সঙ্গে আমেরিকার কী সম্পর্ক? এই হস্তক্ষেপগুলো অনুপযুক্ত, ভুল ও জোরপূর্বক।”








