দীর্ঘ আইনি লড়াই শেষে সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত জয় পেয়েছে বাংলাদেশ। কানাডীয় বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকোর বিরুদ্ধে দায়ের করা মামলায় বাংলাদেশকে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইকসিড (ICSID)।
ওয়াশিংটনভিত্তিক এই ট্রাইব্যুনালের রায়ে প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫১৬ কোটি টাকা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
২০০৩ সালে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অনুসন্ধানের দায়িত্ব পায় নাইকো। তবে অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে ব্যর্থতার কারণে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন সেখানে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে প্রায় আট বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে যায় এবং আশপাশের এলাকা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পরে পেট্রোবাংলা ক্ষতিপূরণ দাবি করলেও নাইকো তা দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি আন্তর্জাতিক আদালতে গড়ালে ট্রাইব্যুনাল রায়ে নাইকোর গাফিলতাকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেন।
রায়ে পুড়ে যাওয়া গ্যাসের ক্ষতিপূরণ বাবদ ৪০ মিলিয়ন ডলার এবং পরিবেশগতসহ অন্যান্য ক্ষতির জন্য আরও ২ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, এই রায়ের পর ছাতক গ্যাসক্ষেত্রে নতুন করে কূপ খননের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।








