বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ‘জুলাই সনদ’ স্বাক্ষর বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত। তিনি বলেন, এই দলিল ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) ফেসবুক পোস্টে মিলার লিখেছেন, “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এটি মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা ব্যাপক ঐকমত্যের প্রতিফলন।”
মিলার আরও বলেন, “এটি বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ২০২৬ সালের নির্বাচনের পথে দেশটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, এটি তারই প্রমাণ।”
‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে মোট ২৫টি রাজনৈতিক দল অংশ নেয়, যার মধ্যে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
মিলারের উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং শাসনব্যবস্থার সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা অব্যাহত রাখার ইঙ্গিত বহন করে। ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চা তে বাংলাদেশের সঙ্গে কাজ করছে।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের পক্ষে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এর জন্য ইইউ কারিগরি সহায়তা প্রদান ও প্রয়োজনে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। এসব উদ্যোগ গণতান্ত্রিক চর্চা ও টেকসই উন্নয়নের প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতি নির্দেশ করে।








