জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। একক দেশ হিসেবে সর্বাধিক রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে। শীর্ষ ১০ রেমিট্যান্স প্রেরণকারী দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ইতালিও রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা জানুয়ারি মাসে দেশে পাঠিয়েছেন ৪৭ কোটি ৪৩ লাখ ১০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য, যেখানে থেকে এসেছে ৪৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার ডলার। শীর্ষ তালিকার অন্যান্য দেশগুলোর রেমিট্যান্সের পরিমাণ হলো— সংযুক্ত আরব আমিরাত ৩৮ কোটি ৮০ লাখ ৪০ হাজার, মালয়েশিয়া ২৮ কোটি ২ লাখ ১০ হাজার, যুক্তরাষ্ট্র ২৭ কোটি ৪৯ লাখ ৮০ হাজার এবং ইতালি ১৮ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার।
গত জানুয়ারি মাসে দেশে আসা ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৯৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪০ কোটি ১০ লাখ ৬০ হাজার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২২৯ কোটি ৪৩ লাখ ৪০ হাজার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৫৯ লাখ ৪০ হাজার ডলার।
এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ছিল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।








