রাজশাহীর ঘটনার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে মিসবাহ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দীর্ঘ উদ্ধার অভিযানের পর শিশুটিকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশে থাকা খোলা গভীর নলকূপের গর্তে পড়ে যায় মিসবাহ।
ঘটনাটি বুঝতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে চার ঘণ্টার প্রচেষ্টার পর রাত ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করা হয়।
এরপর দ্রুত তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। উদ্ধার শেষে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় সাজিদ নামে এক শিশু নলকূপের গর্তে পড়ে যায়। টানা ৩২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর তাকে উদ্ধার করা হলেও সেখানেও শিশুটির মৃত্যু হয়েছিল। বারবার এমন ঘটনায় খোলা নলকূপের গর্ত নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।








