গাজা উপত্যকার জলসীমায় প্রবেশের অভিযোগে মিশরের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় হিব্রু ভাষার গণমাধ্যম চ্যানেল ১৩ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মিশরীয় নৌযানটি গাজার এমন একটি জলসীমায় প্রবেশ করে, যাকে ইসরায়েল নিষিদ্ধ এলাকা হিসেবে বিবেচনা করে। বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই ইসরায়েলি নৌবাহিনী জাহাজটির দিকে সতর্কতামূলক গুলি ছোড়ে।
চ্যানেল ১৩ জানিয়েছে, জাহাজটি সিনাই উপদ্বীপ থেকে যাত্রা করে ইসরায়েলি নৌ-অবরোধের আওতাভুক্ত এলাকায় প্রবেশ করে। ইসরায়েলি রাডারে গতিবিধি ধরা পড়লে আশদোদ নৌঘাঁটি থেকে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়।
ইসরায়েলি সেনারা প্রথমে মিশরীয় নৌযানটিকে নিজ জলসীমায় ফিরে যাওয়ার নির্দেশ দিলেও সেটি গাজার দিকে অগ্রসর হতে থাকে। পরে ইসরায়েলি জাহাজগুলো থেকে সতর্কতামূলক গুলি চালানো হলে নৌযানটি দিক পরিবর্তন করে মিশরের জলসীমায় ফিরে যায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ঘটনার জন্য মিশর দায় স্বীকার করেছে। নৌ-অবরোধ লঙ্ঘনের ঘটনায় সৃষ্ট উত্তেজনার পর সমুদ্রসীমায় নজরদারি আরও জোরদার করেছে ইসরায়েল।
সূত্র: মিডলইস্ট মনিটর








