খুলনা নগরীর লবণচরা এলাকায় খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, থানার দিক থেকে খানজাহান আলী সেতুর পথে মহাসড়কের পাশে সিটি কর্পোরেশনের ফেলা মাটির ওপর বৃদ্ধের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।
ওসি আরও বলেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৮০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে পিবিআইসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। এদিকে হঠাৎ মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।








