খুলনার বৈকালি এলাকায় বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শাকিল (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শাকিল খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল রেলক্রসিং পার হচ্ছিলেন, তখন ট্রেন ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সহপাঠীরা তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে খুলনা রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শাকিল বৈকালি এলাকায় মেসে থেকে পড়াশোনা করতেন।
খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আজাদ রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।’








