বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। শুক্রবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা হাসপাতালে তাকে দেখতে যান।
এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি তিনি চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তার এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব বলেন।
এদিকে দলীয় প্রধানের আশু রোগমুক্তি কামনায় বাদ জুমা রাজধানীসহ সারা দেশে দোয়া মাহফিল করেছে বিএনপি। বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মী থেকে সাধারণ মানুষ অংশ নেন। সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। রাত সোয়া ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানসহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে হাসপাতালে যেতে দেখা যায়।
মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সবার কাছে প্রার্থনা কামনাও করেন।
জুমার নামাজের পর নয়াপল্টনের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, “ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আমরা দেশব্যাপী দোয়া চেয়েছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসতে পারেন।” তিনি আরও বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, তাই তার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ।
এ ছাড়া সারা দেশে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন এবং খালেদা জিয়ার আরোগ্য কামনায় গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাজদীখানের মধুপুর মাদ্রাসায়ও বিশেষ দোয়া করা হয়।
গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছেন, তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে এবং চিকিৎসকদের ঘনিষ্ঠ তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।
এর আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূস খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং নিশ্চিত করেন যে তার চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হবে না। তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণার প্রতীক। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তারেক রহমানও ফেসবুকে পোস্ট দিয়ে প্রধান উপদেষ্টার মানবিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশনেত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।








