বিশ্বজুড়ে পশুপাখি থেকে শুরু করে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়া বার্ড ফ্লু যদি মানুষে মানুষে সংক্রমিত হওয়ার সক্ষমতা অর্জন করে, তবে তা কোভিড-১৯ এর চেয়েও ভয়াবহ মহামারীর রূপ নিতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রমণ বিশেষজ্ঞ মেরি-অ্যান রামেক্স-ভেলতি।
তিনি জানান, মানুষের দেহে সাধারণ ফ্লু ভাইরাস—এইচ১ ও এইচ৩—এর বিরুদ্ধে অ্যান্টিবডি থাকলেও, এইচ৫ ধরনের বার্ড ফ্লুর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতা নেই। ফলে ভাইরাসটি রূপ পরিবর্তন করলে তা সহজেই মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে এবং শিশু থেকে শুরু করে পূর্ণ সুস্থ মানুষ—সবাই সমানভাবে ঝুঁকিতে পড়বে।
গত কয়েক বছর ধরে অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে বিশ্বজুড়ে কোটি কোটি পাখি নিধন করতে হয়েছে, যা খাদ্য সরবরাহ ও বাজারমূল্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এখনো গৃহপালিত পাখি ও গরুর খামারে এইচ৫ ধরনটি ছড়িয়ে পড়ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে প্রথমবারের মতো একজন মানুষের দেহে এইচ৫এন৫ বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে, যিনি পরে মারা যান। বেশিরভাগ ক্ষেত্রে সংক্রমণের উৎস হিসেবে আক্রান্ত প্রাণীর ঘনিষ্ঠ সংস্পর্শকেই দায়ী করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০০৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় এক হাজার মানুষের দেহে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে, যার প্রায় ৪৮ শতাংশের মৃত্যু হয়েছে। যদিও মানুষে মানুষে ছড়ানোর ঝুঁকি এখনো কম বলে মনে করছে বিশ্ব প্রাণিসম্পদ সংস্থা (WOAH)।
মেরি-অ্যান রামেক্স-ভেলতি আরও বলেন, বার্ড ফ্লু মহামারীতে রূপ নিতে পারে এমন আশঙ্কা থাকলেও, বর্তমানে ফ্লুর টিকা, অ্যান্টিভাইরাল ও দ্রুত টিকা উৎপাদনের সক্ষমতা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। ফলে বিশ্ব এখন আগের চেয়ে বেশি প্রস্তুত।
সূত্র: রয়টার্স








