কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রেখে চেম্বার আদালতের আগের আদেশ বহাল রাখা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন।
শুনানিকালে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে ব্যারিস্টার বিভূতি তরফদার এবং মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন আদালতে উপস্থিত ছিলেন।
প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার আদালতকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সী তার ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে তাকে আর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করা যায় না।
অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছিল। তবে চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে না পাঠিয়ে হাইকোর্টেই নিষ্পত্তির নির্দেশ দেন। তিনি বলেন, ঋণ পরিশোধের বিষয়টি আদালতকে জানানো হয়েছে এবং ব্যাংকের পক্ষ থেকেও আইনজীবী উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত তাদের মনোনয়ন বাতিল বা নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই। তবে এ বিষয়ে উভয় পক্ষই আপিল করেছে, যার নিষ্পত্তি পরবর্তী সময়ে হবে।
এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে সেই আদেশ প্রত্যাহারের আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করার আদেশ দেন। পরবর্তীতে ওই আদেশ স্থগিত চেয়ে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।








