সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার (২১ অক্টোবর) বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি–রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের পাসপোর্টযাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, উৎসব উপলক্ষে আজ সমস্ত পণ্য আমদানি–রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার থেকে পুনরায় সব কার্যক্রম চালু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, “ভারতে কালীপূজার ছুটির কারণে পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।” বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, “ছুটির কারণে আজ কোনো পণ্য আমদানি–রফতানি হচ্ছে না, তবে খালি ট্রাক ফেরত পাঠানোর জন্য কার্গো শাখা খোলা আছে।”
বেনাপোল স্থলবন্দর ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের আমদানি পণ্যের প্রায় ৮০ শতাংশ এই বন্দরে প্রবেশ করে। কলকাতা থেকে বেনাপোলের দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার হওয়ায় এটি ব্যবসায়ীদের জন্য সবচেয়ে জনপ্রিয়।
তবে উৎসবকালীন বন্ধের কারণে শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস খাত ও বাজার ব্যবস্থায় প্রভাব পড়তে পারে, কারণ বন্দরে অনেক ট্রাক পণ্য নিয়ে অপেক্ষায় থাকে, যার মধ্যে থাকে শিল্পকারখানার কাঁচামাল, পচনশীল পণ্য এবং রফতানিযোগ্য মালামাল।








