Editorial News 24

কক্সবাজারে বিএনপির প্রার্থীকে সরে দাঁড়াতে হুমকি, ‘ওসমান হাদির মতো পরিণতি’

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

কক্সবাজারে বিএনপির প্রার্থীকে সরে দাঁড়াতে হুমকি, ‘ওসমান হাদির মতো পরিণতি’
Picture of Desk Reporter

Desk Reporter

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিয়ে কাফনের কাপড়সহ উড়োচিঠি পাঠানো হয়েছে। রোববার (আজ) ডাকযোগে চিঠিটি পাওয়ার পর তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শাহজাহান চৌধুরী এই আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য এবং একসময় জাতীয় সংসদের হুইপ ছিলেন। বর্তমানে তিনি কক্সবাজার জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

হুমকির বিষয়টি নিশ্চিত করে শাহজাহান চৌধুরী বলেন, তিনি কোনোভাবেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি দেখার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে ফোন করেন এবং এ ধরনের হুমকিতে সাহস না হারাতে বলেন। পাশাপাশি নির্বাচনের মাঠে পূর্ণ উদ্যমে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

শাহজাহান চৌধুরী আরও বলেন, কক্সবাজার সদর ডাকঘর থেকে চিঠিটি পাঠানো হয়েছে। চিঠির ভাষা অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী জানান, রোববার সকাল ৯টার দিকে ডাক বিভাগের এক পিয়ন তাঁর বড় ভাই শাহজাহান চৌধুরীর বাসায় চিঠিটি পৌঁছে দেন। চিঠি খুলে দেখা যায়, সেখানে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং অন্যথায় হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে একটি সাদা কাপড়ের টুকরাও (কাফন) সংযুক্ত ছিল।

চিঠিতে প্রেরক হিসেবে মুমিনুল আলম নাম উল্লেখ করা হয়েছে। কথিত ‘ব্যাটালিয়ন-৭১ কক্সবাজার’ নামে একটি সংগঠনের আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে তাঁর পরিচয় দেওয়া হয়েছে।

চিঠিতে লেখা ছিল—
“জনাব, আসসালামু আলাইকুম। আশা করি, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরিফ ওসমান হাদির মতো হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।”

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, শাহজাহান চৌধুরীর করা সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন