দীর্ঘদিন ধরেই অবহেলিত থাকা ক্রিকেটার সরফরাজ খান টেস্টে পা রেখেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গড় নিয়ে। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টে অভিষেকে তিনি খারাপ করেননি। প্রথম ইনিংসে ৬২ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৬৮ রানে।
সরফরাজ শেষ টেস্ট খেলেছেন গত বছরের নভেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। ৬ টেস্টে তার রান ৩৭১, যা একটি দেড়শ ও তিনটি হাফসেঞ্চুরিতে আসে। তাকে অস্ট্রেলিয়া সফরে নেওয়া হয়েছিল, কিন্তু একটি ম্যাচও খেলেননি। ইংল্যান্ডে পাঁচ টেস্টের লম্বা সফরে এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও স্কোয়াডে রাখা হয়নি।
যদিও তিনি রান করেছেন, দীর্ঘ সময় তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি জিম ও ডায়েটের মাধ্যমে প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন, তাতেও ভারত দলে জায়গা পাননি। এই মাসে ভারত ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ২টি আনঅফিসিয়াল টেস্ট খেলতে সফরে যাবে। তবে সরফরাজ এই স্কোয়াডে নেই।
ভারত কোচ গৌতম গম্ভীরকে তীর ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী শামা মোহামেদ। তিনি বলেছেন, সরফরাজের নামের শেষে ‘খান’ থাকা এবং মুসলিম হওয়ায় হয়তো তার জায়গা হয়নি। শামা মোহামেদ এক্সে লিখেছেন, ‘সরফরাজ খানকে কি পদবির কারণে নেয়া হয়নি! আমরা জানি এই বিষয়ে গৌতম গম্ভীরের অবস্থান কী।’
উল্লেখ্য, শামা মোহামেদ গত মার্চে রোহিত শর্মাকে ‘মোটা’ ও ‘বাজে’ অধিনায়ক বলে মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের কারণে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা অভিযোগ তুলেছেন যে, শামা মোহামেদ ও তার দল ভারতীয় ক্রিকেট দলকেও সাম্প্রদায়িক ভিত্তিতে বিভক্ত করতে চাচ্ছে। তিনি বলেছেন, ‘একই দলে খেলবেন মোহাম্মদ সিরাজ ও খলিল আহমেদ। সাম্প্রদায়িক ও জাতপাতের ভিত্তিতে ভারতকে বিভক্ত করা বন্ধ করুন।’








