ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বোন পরিচয়ে ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়া এক নারীকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। শবনম খাদিজা নামের ওই নারী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওই আসনের প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে ভোট চান।
তবে নিজেকে ওসমান হাদির বোন পরিচয় দিলেও তাঁর প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। পোস্টে ওই নারীর একটি ছবি যুক্ত করে তিনি স্পষ্টভাবে ‘ভুয়া’ লিখে বিষয়টি তুলে ধরেন।
পোস্টে রাবেয়া ইসলাম সম্পা লেখেন, শহীদ ওসমান হাদি তাঁর জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাই কোনো রাজনৈতিক দল যেন নিজেদের স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার না করে—এমন প্রত্যাশা জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, হাদির আদর্শ অনুসরণে তাঁদের কোনো আপত্তি নেই, তবে পরিবার যাচাই না করে কাউকে হাদির পরিবারের সদস্য হিসেবে উপস্থাপন করা অনুচিত।
তিনি আরও লেখেন, ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ সব সময়ই ভোটারদের যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এসেছে, প্রার্থী কোন দলের তা মুখ্য নয়। আগামী ১২ তারিখ শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।
ওসমান হাদির স্ত্রীর দেওয়া ওই পোস্টটি শেয়ার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। পোস্টের মন্তব্য ঘরে তিনি লেখেন, পরিবারের তথ্য অনুযায়ী বক্তব্য দেওয়া ওই নারী হাদি ভাইয়ের তিন বোনের কেউ নন।
এদিকে শবনম খাদিজা নামের ওই নারী কে বা তাঁর প্রকৃত পরিচয় কী—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।








