পবিত্র ওমরাহ পালন শেষে প্রিয়জনদের সঙ্গে ঘরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নোয়াখালীর ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৫৩)। এ ঘটনায় তাঁর স্ত্রী, মা ও ভাতিজাসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে রোববার (২৬ অক্টোবর) ভোরে নোয়াখালী জেলা শহর মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায়। নিহত আজাদ সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে এবং স্থানীয় উত্তর ওয়াপদা বাজারের পরিচিত ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে সৌদি আরব থেকে ওমরাহ পালন শেষে দেশে ফেরেন আজাদ। পরে তিনি একটি মাইক্রোবাসে করে স্ত্রী নাসিমা আক্তার, মা এবং ভাতিজা লিমনকে নিয়ে গ্রামের বাড়ির পথে রওনা দেন। পথিমধ্যে তাঁদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। রাতের আঁধারে কেউ তৎক্ষণাৎ দুর্ঘটনাটি টের না পেলেও সকালে স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন। পরে আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় মাইক্রোবাসটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে চূর্ণবিচূর্ণ হয়েছে। চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
আজাদের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের কান্নায় ভেঙে পড়েছে পুরো চরদরবেশ গ্রাম।








