আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০০টি আসনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ওই দিন মনোনীত প্রার্থীদের নিয়ে একটি সভাও অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্টির দুজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদক নেতৃত্বে গঠিত প্রার্থী বাছাই কমিটি দীর্ঘ কার্যক্রম শেষে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক সভায় ওই প্রতিবেদন মূল্যায়ন করা হয় এবং প্রথম পর্যায়ে ১০০ আসনের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।
এর আগে, মাসখানেক আগে দল আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা আয়োজন করেছিল। সেই সভায় সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপরই প্রাথমিক এই তালিকা ঘোষণা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।








