বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য এসেছে এক ঐতিহাসিক পরিবর্তনের খবর। এখন থেকে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান ভাতা ও ট্যুর ফি পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, “এখন থেকে দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলে এবং মেয়েরা সমানভাবেই পাবে।” এই সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষদের মতোই বিদেশ সফরে দৈনিক ১১৫ ডলার (৭৫+৪০) ভাতা পাবেন। আগে যেখানে তাদের দেওয়া হতো সর্বোচ্চ ৭৫ ডলার, এখন সেই বৈষম্য দূর হচ্ছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের অভিযোগেরও অবসান ঘটলো। নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এর আগে প্রকাশ্যে জানিয়েছিলেন, “ছেলেদের মতো সমান সুযোগ-সুবিধা মেয়েরা পায় না।” বিসিবির নতুন এই পদক্ষেপ সেই দাবি পূরণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিসিবির নারী বিভাগ জানায়, বোর্ডের সর্বশেষ মিটিংয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম যৌথভাবে এই প্রস্তাব অনুমোদন করেন।
ক্রিকেট বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়রা মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু নারী ক্রিকেটারদের অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিত করবে না, বরং বাংলাদেশ নারী ক্রিকেটকে আরও প্রেরণাদায়ী ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যাবে।
এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “বিগত বছরগুলোতে নারী ক্রিকেটাররা একাধিক সাফল্য অর্জন করলেও, সুযোগ-সুবিধার দিক থেকে ছিল বঞ্চিত। ধীরে ধীরে সেই ধারায় ইতিবাচক পরিবর্তন আসছে।”
এই পদক্ষেপের ফলে বাংলাদেশ নারী ক্রিকেট দলের মনোবল আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী খেলোয়াড় ও সমর্থকরা।








