আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হলে বৃহৎ আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে— এমন আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক জোট।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেন জোটের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, “জনগণ আর অপেক্ষা করতে রাজি নয়। আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ও সরকারকে সুনির্দিষ্ট ভোটের তারিখ জানাতে হবে। অন্যথায় সারাদেশে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।”
বক্তারা আরও দাবি করেন, আসন্ন জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যেন প্রার্থী হতে না পারেন। তাদের অভিযোগ, “কিছু উপদেষ্টা নির্বাচনের প্রক্রিয়া বানচাল করতে মরিয়া হয়ে উঠেছেন। জনগণের সঙ্গে প্রতারণা করলে এর পরিণতি ভালো হবে না।”
নাগরিক জোটের নেতারা প্রশ্ন তোলেন, “যেখানে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বহু নজির রয়েছে, সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ১৪ মাস পরও কেন জনগণকে ভোটের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে?”
বক্তারা সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সাধারণ জনগণকে “নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে যোগ দেওয়ার” আহ্বান জানান।








