আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে হঠাৎ বড় ধরনের পতন দেখা গেছে। বুধবার স্পট গোল্ডের দাম এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শক্তিশালী মার্কিন ডলার এবং তেলের দামের ঊর্ধ্বগতির কারণে স্বর্ণের বাজারে এই পতন ঘটেছে। তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে পারে।
বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে স্পট গোল্ডের দাম ৩.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৮৪৪.২০ ডলারে নেমে আসে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ৩.২ শতাংশ কমে ৪,৮৪৫.৫০ ডলারে দাঁড়ায়।
এদিকে মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। এতে বাজারে স্বর্ণের চাহিদাও কিছুটা কমে গেছে।
বিশ্লেষকদের মতে, সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আগ্রহ কমে যায়। ফলে স্বাভাবিকভাবেই এর দামের ওপর চাপ সৃষ্টি হয়।








