২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারে শীর্ষে উঠে এসেছে বরিশাল জেলা। অপরদিকে, সবচেয়ে নিচে অবস্থান করছে বরগুনা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
তিনি জানান, এবারের ফলাফল সন্তোষজনক হলেও পাসের হার গত বছরের তুলনায় কমেছে। তবে যারা নিয়মিত অধ্যয়ন করেছে, তারাই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পেরেছে।
বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী,
- বরিশাল জেলার পাসের হার ৬৮.১৬ শতাংশ,
- দ্বিতীয় অবস্থানে পিরোজপুর ৬৪.৭৮ শতাংশ,
- তৃতীয় স্থানে ভোলা ৬২.৯৮ শতাংশ,
- চতুর্থ স্থানে ঝালকাঠি ৫৮.৬৪ শতাংশ (যা গত বছর ছিল ৮৯.২৭),
- পঞ্চম স্থানে পটুয়াখালী ৫৭.৪৪ শতাংশ,
- এবং ষষ্ঠ স্থানে বরগুনা ৫১.৭৭ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বাধিক, এরপর রয়েছে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই শীর্ষে— মোট ৮০৬ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে ৭৭৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯১ জন জিপিএ-৫ অর্জন করেছে।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, “ফলাফল শিক্ষার্থীদের অধ্যবসায় ও পরিশ্রমের প্রতিফলন। বরিশাল জেলার ধারাবাহিক সাফল্য এই অঞ্চলের শিক্ষার মানের ইতিবাচক ইঙ্গিত দেয়।”








