রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় স্বাভাবিকভাবে চালু করা হয়েছে।
বেলা ১১টার দিকে ডিএমটিসিএলের সরকারি ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, “মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে।”
পোস্টে আরও বলা হয়, “সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।”
এর আগে, রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারী নিহত হন। ঘটনার পরই নিরাপত্তার স্বার্থে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে পথচারীর মাথায় আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগেও গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল।
বড় সেতু বা উড়ালপথ নির্মাণে বিয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি এই প্যাড কাঠামোর চাপ সরাসরি পিলারে না ফেলে মাটিতে সঞ্চারিত করে। প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি, এবং বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পেও এই উপাদান ব্যবহার করা হয়েছে।








