উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৪.৮ শতাংশে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসে আয়োজিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে কিছু মারাত্মক ব্যাঘাত সত্ত্বেও পরবর্তী প্রান্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরে ধীরে গতি ফিরে এসেছে। বহিরাগত খাতের চাপ হ্রাস, রিজার্ভ স্থিতিশীলতা এবং মুদ্রাস্ফীতি কমে আসায় অর্থনীতিতে সামগ্রিক স্বস্তি এসেছে। এ পরিস্থিতিতে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৪.৮ শতাংশে উন্নীত হবে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৬.৩ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
বিশ্বব্যাংক জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে বেসরকারি বিনিয়োগ কমেছে, এছাড়া সরকারি বিনিয়োগও হ্রাস পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় দরিদ্রের হার বেড়ে দাঁড়িয়েছে ২১.২ শতাংশে, যেখানে ২০২৩-২৪ অর্থবছরে এটি ছিল ২০.৫ শতাংশ। একই সময়ে ২০ লাখ মানুষ কাজ হারিয়েছে এবং কর্মক্ষম অথচ কাজ পাচ্ছে না ৩০ লাখ মানুষের মধ্যে ২৪ লাখই নারী।
জিডিপির অনুপাতে রাজস্বের হারও কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির অনুপাতে রাজস্ব হার দাঁড়িয়েছে ৭.৯ শতাংশে, যেখানে ২০২৩-২৪ অর্থবছরে তা ছিল ৮.৩ শতাংশ।
বিশ্বব্যাংক আশা করছে, সঠিক নীতি গ্রহণ ও বিনিয়োগ বৃদ্ধি ঘটলে আগামী অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ভালো হবে।








