পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য সরকার থেকে পাওয়া ১০ লাখ টাকার মানবিক সহায়তার হিসাব প্রকাশ করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি কুমিল্লা-৪ আসন–এর সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি–এর মুখ্য সংগঠক।
বুধবার (২৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, তার নির্বাচনী এলাকায় বরাদ্দ পাওয়া অর্থ কীভাবে বিতরণ করা হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। স্ট্যাটাসে সুবিধাভোগীদের নামের তালিকাসংবলিত কয়েকটি ছবিও যুক্ত করেন তিনি।
স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলেন, ঈদুল ফিতর–২০২৬ উপলক্ষে দেবিদ্বার উপজেলা–এর দুস্থ ও গরিব মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে।
তিনি জানান, দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বজায় রাখতে সুবিধাভোগীদের এনআইডি ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে। তবে প্রশাসনিক অনুসন্ধানের প্রয়োজনে সব তথ্য উন্মুক্ত করা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
এমপি হাসনাত জানান, তালিকাভুক্ত ১০০০ জন ব্যক্তিকে নগদ এক হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি একই তালিকায় থাকা আরও ৫০০ জনকে ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।
সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি বলেও জানান তিনি। প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করেন এই সংসদ সদস্য।








