Editorial News 24

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা, তেলের দাম বাড়ছে না: মন্ত্রী

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবহন ভাড়া বাড়ানো বা যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না এবং পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হবে।

শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী ১৫ মার্চ থেকে পাবলিক পরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করা হবে। তেলের দাম না বাড়ায় পরিবহন ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। কেউ সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, তেলের দাম বাড়তে পারে—এমন আশঙ্কায় কিছু অগ্রিম টিকিট ফেরত দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে সরকারের হস্তক্ষেপে সেই উদ্যোগ বন্ধ করা হয়েছে।

ঈদকে কেন্দ্র করে ট্রেনযাত্রা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। জানান, সকাল থেকে ২১টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। সম্প্রতি একটি দুর্ঘটনার কারণে কয়েকটি ট্রেন দেরিতে চললেও পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং আগামী দুদিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে।

অনলাইনে টিকিট বিক্রি প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেছেন। তবে সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৩ হাজার টিকিট দেওয়া সম্ভব হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে মাত্র কয়েক দিনের মধ্যে ঢাকা শহর থেকে প্রায় সোয়া কোটি থেকে দেড় কোটি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাবে। এত অল্প সময়ে এত বিপুল মানুষের যাতায়াত বিশ্বের খুব কম শহরেই দেখা যায়।

নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে প্রতি ৫০০ মিটার পরপর বিশেষ জ্যাকেট পরা স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ, আনসার ও হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কড়াকড়ি আরোপের কথাও জানান মন্ত্রী। তিনি যাত্রীদের উদ্দেশে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে কেউ যেন ট্রেনের ছাদে না ওঠেন।

পরিদর্শনের সময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন