পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ শনিবার সতর্ক করে জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে ইস্তাম্বুলে আলোচনায় কোনো চুক্তি না হলে ‘ওপেন ওয়ার’ শুরু হতে পারে। তিনি বলেন, “আমি দেখেছি যে তারা শান্তি চায়, তবে চুক্তি ব্যর্থ হলে বিকল্প হিসেবে আমাদের যুদ্ধের পথ খোলা থাকবে।”
রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে সীমান্তে মারাত্মক সংঘর্ষের পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এই অবস্থায় ইস্তাম্বুলে দ্বিতীয় ধাপের আলোচনা শনিবার শুরু হয়, যা রোববার পর্যন্ত চলার কথা। ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর সীমান্তে সংঘটিত সহিংসতার পুনরাবৃত্তি রোধ ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
খাজা আসিফ বলেন, চুক্তি স্বাক্ষরের পর চার থেকে পাঁচ দিন ধরে কোনো ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে। তিনি সতর্ক করেন, “যদি কোনো চুক্তি না হয়, তাহলে তাদের সঙ্গে আমাদের ‘ওপেন ওয়ার’ শুরু হবে। তবে আমি বিশ্বাস করি, তারা সত্যিই শান্তি চায়।”
এর আগে পাকিস্তানি বাহিনী আফগান সীমান্তের ওপারে বিমান হামলা চালায় এবং উভয় পক্ষ গুলির বিনিময়ে কয়েক ডজন মানুষ নিহত হয়। ইসলামাবাদ কাবুলকে অভিযোগ করেছে যে তারা পাকিস্তানি বাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠীর আশ্রয় দিচ্ছে। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছেন যে পাকিস্তানের সামরিক অভিযান আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করে।
ইস্তাম্বুলে এই দ্বিতীয় ধাপের আলোচনা প্রথম দফার বৈঠকের ধারাবাহিকতা হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফার আলোচনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।








