ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সর্বশেষ দফার হামলায় ইরানের মধ্যাঞ্চলের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এতে করে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।
এদিকে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। শনিবার ইউরোপীয় ইউনিয়নের নৌ-মিশন EUNAVFOR Aspides-এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
ওই কর্মকর্তা জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) স্পষ্টভাবে জানিয়েছে—‘হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।’
বিশ্বের তেল রপ্তানির অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পথ দিয়েই সৌদি আরব, ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ বিশ্বের নানা প্রান্তে তেল রপ্তানি করে থাকে। সরু এই সামুদ্রিক পথটি ওমান উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে, ফলে এর যেকোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।








