মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার আশঙ্কা বাড়ায় অনেক ঘাঁটি খালি করে কৌশলগত অবস্থান নিয়েছে মার্কিন বাহিনী।
এই পরিস্থিতিতে হাজার হাজার মার্কিন সেনা ও কর্মকর্তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবাসন সংকট দেখা দেওয়ায় তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে হোটেল ও ব্যক্তিগত বাসাবাড়িতে অস্থায়ীভাবে অবস্থান করছেন বলে জানা গেছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে— হাজারো মার্কিন সেনা আবাসিক এলাকায় আশ্রয় নিয়েছে। তাদের মতে, যুক্তরাষ্ট্র স্থানীয় জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।
আইআরজিসির এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, হোটেল বা বাসাবাড়িতে মার্কিন সেনাদের আশ্রয় না দিতে এবং তাদের অবস্থান সম্পর্কে তথ্য জানাতে। টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে এ ধরনের তথ্য পাঠানোরও আহ্বান জানানো হয়েছে।
এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে হামলার ঘটনায় ফ্রান্সের একজন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর হামলার ঘটনাকে তারা অগ্রহণযোগ্য হিসেবে দেখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে ফরাসি সেনাবাহিনী জানিয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে থাকা ছয় ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।
সূত্র: মিডল ইস্ট আই, তাসনিম নিউজ








