যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রায় শেষের পর্যায়ে এসেছে।
সোমবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ। বলা যায়, এটি প্রায় শেষ হয়ে গেছে।” তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী কার্যত নেই, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং তাদের বিমান বাহিনীর সক্ষমতাও এখন নেই। ট্রাম্প আরও বলেন, “তাদের ক্ষেপণাস্ত্র শক্তিও এখন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।”
ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নির্ধারিত সময়ের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি মূলত তার পরিকল্পনার ওপর নির্ভর করছে। “যুদ্ধ শেষ করা এখন আমার চিন্তার মধ্যেই রয়েছে,” যোগ করেন তিনি।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উদ্দেশে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, তার জন্য কোনো বার্তা নেই।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ইরানের সঙ্গে এই যুদ্ধ এক মাসেরও বেশি সময় স্থায়ী হতে পারে। বর্তমানে যুদ্ধের দশম দিন চলছে।








