ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশের ক্ষেপণাস্ত্র পাল্লার সব সীমা তুলে নিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এ সিদ্ধান্ত কার্যকর হলে, তা ইরানের সামরিক নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বখশায়েশ আরদেস্তানি বলেন, “ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং যতটা প্রয়োজন মনে করবে, ততটুকুই উন্নত করবে।” তিনি আরও জানান, এর আগে খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,২০০ কিলোমিটারে সীমাবদ্ধ রেখেছিলেন, কিন্তু এখন তিনি এই সীমা সম্পূর্ণভাবে তুলে নিয়েছেন।
আরদেস্তানি বলেন, “তেহরান ক্ষেপণাস্ত্রের পাল্লায় কোনো সীমাবদ্ধতা মানবে না। এটি আমাদের সামরিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।”
এই ঘোষণা এমন এক সময় এলো, যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মাত্র একদিন আগে অভিযোগ করেছিলেন যে, ইসরাইল তেহরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের ইচ্ছা নিয়ে ‘মিথ্যা প্রচারণা’ চালাচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমা তুলে নেয়ার অর্থ হলো—ইরান এখন তার কৌশলগত সক্ষমতা আরও সম্প্রসারণের পথে হাঁটছে। বিশেষ করে জুন মাসে ভয়াবহ সংঘাতের পর থেকে তেহরানের প্রতিরক্ষা কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত এটি বহন করছে।
তবে এখনও আনুষ্ঠানিকভাবে খামেনি বা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়নি।








