ভারতের রাজনৈতিক হুমকির কারণে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা এই মৌসুমে হচ্ছে না। তবে বিশ্ব ক্রিকেটে তার চাহিদা কম নয়। ভারতীয় লিগ থেকে বাদ পড়ার পর মোস্তাফিজকে সুযোগ দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
পিএসএলের অফিসিয়াল পেজে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করা হয়েছে। পোস্টে মোস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, “ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।”
পিএসএলের আসর চলবে ২৬ মার্চ থেকে শুরু করে ৩ মে পর্যন্ত। মোস্তাফিজ এর আগে ২০১৮ সালে পিএসএলে খেলেছেন, তখন লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন। সাত বছর পর এবার তিনি আবার এই লিগে খেলতে যাচ্ছেন।
এবার মোস্তাফিজ কোন দলে খেলবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে তিনি একটি দল পাবেন বলে নিশ্চিতভাবে বলা হচ্ছে। এবারের পিএসএল হবে ৮ দলের, এগারোতম ও সবচেয়ে বড় আসর।
গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেয়। আইপিএল নিলামে মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাড়াকাড়ি করে কলকাতা কিনে নেয়। ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয় বাংলাদেশি এই বাঁহাতি পেসার। আইপিএলে মোস্তাফিজই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার ছিলেন। তবে এই মৌসুমে তার খেলা হচ্ছে না।
ফলস্বরূপ, দুনিয়ার অন্যতম সেরা এই পেসারকে পেয়ে লাভবান হলো পিএসএল।








