চলতি মার্চ মাসের জন্য বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৯৫ টাকা ১২ পয়সা। ফলে লিটারপ্রতি দাম বেড়েছে ১৭ টাকা ২৯ পয়সা।
রোববার (৮ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৬২৫৭ মার্কিন ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ০.৭৩৮৪ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা করা হয়েছিল। একই সময় আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি শূন্য দশমিক ০.৬২৪৬ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ০.৬২৫৭ ডলার নির্ধারণ করা হয়।








