চলতি অক্টোবরের প্রথম ছয় দিনেই দেশে এসেছে ৫৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা গড়ে প্রতিদিন প্রায় ৯ কোটি ২০ লাখ ডলার। মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৫৭ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে। তবে চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত (জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত) মোট রেমিট্যান্স এসেছে ৮১৩ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ৩০ শতাংশ বেশি।
এর মধ্যে শুধু ৬ অক্টোবর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৯০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,
- সেপ্টেম্বরে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার,
- আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার,
- এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার (৩০.৩২ বিলিয়ন), যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।








